গৃহবধূ ও তাঁর বাবার ওপর নির্যাতনের অভিযোগ
দিনাজপুরের খানসামায় শারমিন রহমান ওরফে শিমু (২৩) নামের এক গৃহবধূ ও তাঁর বাবার ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর স্বামী তাজ ফারাজুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলহাজতে আছেন। গৃহবধূকে তাঁর বাবার জিম্মায় দেওয়া হয়েছে।মামলার বিবরণে জানা যায়, শারমিনের বাড়ি ঢাকার মিরপুরে পল্লবী থানা এলাকায়। তাঁর বাবার নাম মো. শফিকুর রহমান। দিনাজপুরের খানসামা উপজেলার ৪ নম্বর খামারপাড়া ইউনিয়নের জমিদারনগর গ্রামের মৃত ফজলে রহমান চৌধুরীর ছেলে তাজ ফারাজুল ইসলাম ঢাকায় থাকতেন। পাঁচ বছর আগে শারমিন ও ফারাজুল পছন্দ করে বিয়ে করেন। বিয়ের পর তাঁরা জমিদারনগরেই থাকতেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে ফারাজুল যৌতুকের দাবিতে শারমিনের ওপর নির্যাতন চালাতে থাকেন। বাবার কাছে যৌতুকের টাকার কথা বলতে না পারায় শারমিন স্বামীর কাছে নির্যাতনের শিকার হন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে শারমিন পুরো ঘটনা তাঁর বাবাকে জানান। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ২২ সেপ্টেম্বর শারমিনের বাবা শফিকুর রহমান মেয়ের বাড়িতে আসেন। মেয়ের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে এ ব্যাপারে জামাতা ফারাজুলের কাছে ঘটনার কারণ জানতে চাইলে ফারাজুল ক্ষিপ্ত হয়ে তাঁর শ্বশুরকে মারধর ও অপমান করেন।এ ঘটনায় শারমিনের বাবা শফিকুর রহমান বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে খানসামা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ২২ সেপ্টেম্বর রাতে জমিদারনগরের বাড়িতে অভিযান চালিয়ে শারমিনকে উদ্ধার ও তাজ ফারাজুলকে গ্রেপ্তার করে। পরদিন দুজনকে দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করলে আদালত শারমিনকে তাঁরা বাবার জিম্মায় দিয়ে ফারাজুলকে জেলহাজতে পাঠান।পুলিশ জানায়, শারমিন পুলিশের নারী সদস্যদের কাছে তাঁর শরীরে স্বামীর নির্যাতনের বেশ কিছু চিহ্ন দেখিয়েছেন। শারমিনের শরীরে সিগারেট ও মশার কয়েলের আগুনের ছেঁকা দিয়েছেন তাঁর স্বামী।