গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার, দুই তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত শনিবার সুমি বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মো. ইউসুফ হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই তরুণ খুন হয়েছেন।
গৃহবধূ সুমি বেগম জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের পুটিছড়া গ্রামের বাসিন্দা আবদুন নূরের (৪০) স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর জানুয়ারিতে সুমি ও নূরের বিয়ে হয়। তাঁদের তিন মাস বয়সী একটি ছেলে আছে। সুমির বাবার বাড়ি পার্শ্ববর্তী সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে। শনিবার বেলা ১১টার দিকে সুমিকে বিছানায় ছটফট করতে দেখেন পরিবারের সদস্যরা। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে ওই দিন রাত ১১টার দিকে পুলিশ শ্বশুরবাড়ি থেকে সুমির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষপানে সুমির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশ উদ্ধারকালে সুমির স্বামী নূরকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর গ্রাম থেকে মো. ইউসুফ হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়ির ঘরের লাগোয়া আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ব্যক্তির বাড়ি লক্ষ্মীপুরের রামগতি ইউনিয়নের রামগতি গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত হাবিব উল্যার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্ত্রী রাবেয়া বেগম বলেন, এক মাস আগে ইউসুফ রাজমিস্ত্রির কাজ করতে ঢাকায় যান। গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁদের ঘরের সামনে আমগাছে ঝুলে আছেন ইউসুফ।
মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আনোয়ার হোসেন (২৬) বিজয়নগর উপজেলার মিরাসানী গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। তাঁকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী শনিবার বিকেলে ফুফাতো ভাই মো. হেলাল মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। হেলাল একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, হেলাল শনিবার সকালে ফোন করে আনোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে তাঁকে ছুরিকাঘাত করেন হেলাল। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না। তবে মাস ছয়েক আগে হেলাল বাড়িতে এসে আনোয়ারকে মারধর করেছিলেন।
বিজয়নগর থানা ওসি মো. আলী আরশাদ বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনেরা নিয়ে গেছেন। আটক হেলালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাধবপুর উপজেলার ছাতিয়ান-রতনপুর সড়কে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুলাল মিয়াকে (২৫) ছুরিকাঘাতে করে হত্যা করে দুর্বৃত্তরা। দুলাল রতনপুর গ্রামের হাসান মিয়ার ছেলে। তাঁর কেব্ল অপারেটরের ব্যবসা ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুলাল মিয়া ছাতিয়ান থেকে রতনপুর যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির মুঠোফোন ও মানিব্যাগটি পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা এবং হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি}