গৃহবধূ ও স্বামীর বন্ধুকে গাছে বেঁধে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এনে একজন গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে গাছের সঙ্গে ১৬ ঘণ্টা বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শ্বশুর, চাচাশ্বশুর ও এক ভাশুরের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তাঁর বাবা মহির উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তবে গতকাল বুধবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।নির্যাতনের শিকার গৃহবধূ অভিযোগ করে বলেন, গত রোববার সকালে তাঁর স্বামী দিনাজপুরে যান। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে স্বামীর বন্ধু তাঁদের বাড়িতে এলে তিনি ঘরে বসতে দেন। কিছুক্ষণ পর তাঁর ভাশুর জয়নাল আবেদীন, শ্বশুর মহির উদ্দিন, চাচাশ্বশুর ছহির উদ্দিন ও আবু সায়েদ চরিত্রহীন অপবাদ দিয়ে তাঁকে ও স্বামীর বন্ধুকে বাড়ির একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করেন। পরদিন বেলা পৌনে একটার দিকে এলাকার ইউপি সদস্য শাহাদত হোসেন এসে বাঁধন খুলে তাঁদের মুক্ত করেন।খবর পেয়ে গৃহবধূর স্বামী এসে ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপরও চড়াও হন নির্যাতনকারীরা। বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূসহ দুজনকে নির্যাতনের ঘটনার সত্যতা পায়। পরদিন মঙ্গলবার নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।গৃহবধূর স্বামীর বন্ধু গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি আমার বন্ধুর স্ত্রীকে নিজের বোনের মতো দেখি। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে প্রায় ১৬ ঘণ্টা গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। এরপর থেকে আমি সমাজে মুখ দেখাতে পারছি না।’ গৃহবধূর শ্বশুর ও মামলার আসামি মহির উদ্দিন অভিযোগ করেন, তাঁর পুত্রবধূ চরিত্রহীন। তাই পুত্রবধূ ও ওই ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে শাস্তি দেওয়া হয়েছে।তবে গৃহবধূর স্বামী প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী ও বন্ধুর কোনো দোষ নেই। ষড়যন্ত্র করে চরিত্রহীন অপবাদ দিয়ে তাঁদের নির্যাতন করা হয়েছে। নির্যাতনকারীদের শাস্তি দাবি করেন তিনি।