গৃহবধূ, কৃষকসহ চারজন খুন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক ব্যক্তিকে হত্যা করেছেন তাঁর ভাতিজা। একই উপজেলায় অবসরপ্রাপ্ত এক বন কর্মকর্তা খুন হয়েছেন। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের মিঠামইনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী তাহেরা খাতুন (২৪), চৌদ্দগ্রাম উপজেলার তালগ্রাম গ্রামের শাহজাহান মুন্সী (৪২), গদানগর গ্রামের শাহজাহান ভূঁইয়া (৬২), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের বিল্লাল হোসেন (৩৩) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাশিমপুর গ্রামের শিমুল মিয়া (২৫)।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: চুনারুঘাট থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাদেকপুর গ্রামের তাহেরার সঙ্গে একই গ্রামের রাসেল মিয়ার এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর ওপর নির্যাতন শুরু করেন রাসেল ও তাঁর পরিবারের লোকজন। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়। গত বৃহস্পতিবার রাতে তাহেরাকে ব্যাপক মারধর করেন রাসেল ও তাঁর পরিবারের লোকজন। রাতেই হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ গতকাল সকালে রাসেলকে আটক করেছে। তবে তাঁর পরিবারের লোকজন ঘটনার পর থেকে পলাতক। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাহেরা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
কুমিল্লা: চৌদ্দগ্রাম থানার পুলিশ জানায়, শাহজাহান মুন্সীর সঙ্গে তাঁর ভাইয়ের ছেলে আবুল কাশেমের বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ নিয়ে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি হয়। এ সময় আবুল কাশেম, তাঁর ছেলে মো. সায়েম ও কাজিম উদ্দিন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে শাহজাহানের ছেলে মাজহারুল ইসলাম বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও ছুরিকাহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১১টায় শাহজাহান মারা যান।
গতকাল শুক্রবার সকাল নয়টায় চৌদ্দগ্রাম উপজেলার গদানগর গ্রাম থেকে অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা শাহজাহান ভূঁইয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাত ১১টায় সদর দক্ষিণ উপজেলার বালিপুর গ্রাম থেকে নয় মামলার আসামি বিল্লাল হোসেনের (৩৩) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ
কিশোরগঞ্জ: মিঠামইন থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাশিমপুর গ্রামের আবদুস সালামের ছেলে ওবায়দুল্লাহর (২৫) সঙ্গে একই গ্রামের হেলাল মিয়ার ছেলে শিমুল মিয়ার কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহর বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন শিমুল। এ ঘটনায় পুলিশ ওবায়দুল্লাহর ভাই ইমদাদুল হককে আটক করেছে। মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন বলেন, শিমুলের লাশ গতকাল ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।