গৃহবধূ খুন, স্বামী ও ছেলে আহত
খুলনার তেরখাদায় ঘুমন্ত অবস্থায় নাহার বেগম (৪৫) নামের একজন গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তাঁর স্বামী আবদুল মান্নান শেখ (৫৫) ও ছেলে হাসিবুর রহমানকেও (১০) কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বারাসত ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গরমের কারণে সোমবার রাতে ঘরের দরজা খোলা রেখে বারান্দায় স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আবদুল মান্নানের মাথায় কোপ দেয়। ওই কোপে পাশে ঘুমিয়ে থাকা তাঁর স্ত্রী নাহার বেগমও গুরুতর জখম হন। একপর্যায়ে গলার চেন ছিঁড়তে গেলে তাতে বাধা দেওয়ায় নাহারকে আবারও কোপানো হয়। এ সময় তাঁদের সন্তান হাসিবুর রহমান (১০) এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে নাহারের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মান্নান বলেন, ‘কী কারণে মারছে কইতে পারি না।’ মান্নান শেখের ভাতিজা ইমামুল শেখ বলেন, ঘটনাটি পূর্বশত্রুতার কারণেও হতে পারে। আবার ডাকাতিও হতে পারে। হামলাকারী একজনকে চেনা গেছে। গতকাল দুপুরে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ঘটনার কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে মামলার প্রস্তুতি চলছে।