গৃহবধূ খুন, স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় দুলুফা বেগম (৩২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত শুক্রবার সকালে উপজেলার পশ্চিম কেউটিয়ারচর গ্রামে ওই গৃহবধূর শ্বশুবাড়ির পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দুলুফার স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক।প্রতিবেশী লোকজন জানান, বৃহস্পতিবার রাতে দুলুফার সঙ্গে তাঁর স্বামী শামীম হাওলাদারের ঝগড়া হয়। শুক্রবার সকালে শামীম তাঁর স্ত্রী পুকুরে ডুবে মারা গেছে বলে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে দুলুফার স্বামী শামীম, শ্বশুর আনোয়ার হাওলাদার এবং শাশুড়ি সখিনা বেগম পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।প্রতিবেশীরা অভিযোগ করেন, দুলুফার নামে থাকা একটি জমি বিক্রির জন্য শামীম প্রায়ই তাঁকে নির্যাতন করতেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দুই সন্তানের মা দুলুফাকে হত্যা করা হয়েছে।মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, দুলুফার কপালে এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মারধরের পর দুলুফাকে শ্বাসরোধে হত্যা করার পর লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।লাশ উদ্ধার: রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার কালুখালী উপজেলায় অজ্ঞাতপরিচয়ের এক তরুণের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাশে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের একটি পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ওই পাটখেতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পান কৃষকেরা। একপর্যায়ে তাঁরা অর্ধগলিত ওই লাশটির সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, লাশের শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে তিন-চার দিন আগে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে রেখে যায়।