গৃহবধূ খুন, স্বামী পলাতক
দুপচাঁচিয়া উপজেলার পল্লিতে মোমেনা বিবি নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। স্বামী তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আলতাফনগর বাজার এলাকায় ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। মোমেনা বিবি (২৮) আলতাফনগর বাজার এলাকার আবদুল খালেকের মেয়ে। মোমেনার স্বামী মনোয়ারুল ইসলামের (৩৫) বাড়ি বগুড়ার সোনাতলার চমরগোছা গ্রামে। এ ঘটনায় মোমেনার বাবা বাদী হয়ে মনোয়ারুলসহ চারজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেছেন। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মোমেনা বিবির সঙ্গে মনোয়ারুল ইসলামের প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। মনোয়ারুল শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। কিছুদিন আগে মনোয়ারুল ঢাকায় দ্বিতীয় বিয়ে করেন। কয়েক দিন আগে মনোয়ারুল শ্বশুরবাড়িতে যান। মোমেনাকে তিনি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে সোমবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল ভোরে মোমেনার মা আয়েশা ঘুম থেকে উঠে দেখেন তাঁর মেয়ের ঘরের দরজায় শিকল দেওয়া। শিকল খুলে দেখেন বিছানায় মোমেনার লাশ পড়ে আছে; মনোয়ারুল ঘরে নেই।