গৃহবধূ খুন, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার নাজিরা বেগম (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজিরার পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজারে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার পুলিশ ও নাজিরার পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লোকমান মিয়ার (২২) সঙ্গে মাস খানেক আগে বিয়ে হয় একই ইউনিয়নের রাধানগর গ্রামের নাজিরা বেগমের। বালুশ্রমিক লোকমান মিয়া স্ত্রীকে নিয়ে মুসলিমপুর গ্রামে বাস করতেন।
নাজিরার মা মিনারা বেগম অভিযোগ করেন, লোকমান মিয়া গতকাল সকাল ১০টার দিকে ফোন করে তাঁদের বলেন, নাজিরা গলায় ওড়না পেঁচিয়ে গত বুধবার রাতে আত্মহত্যা করেছেন। তাঁরা দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখেন নাজিরার লাশ ঘরের ভেতর একটি খাটের ওপর রাখা। তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। তাঁরা থানায় হত্যা মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিরার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সুনামগঞ্জ সদর থানার এসআই মাহবুব আলম বলেন, পুলিশও নাজিরার লাশ ঘরের খাটের ওপর পেয়েছে। ওই লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাজিরার বাবার পরিবারের মামলা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে নাজিরাকে হত্যা করা হয়েছে, সেটি আমরা বলতে পারি না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত কারণ জানা যাবে।’
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুধবকশী এলাকার কুড়াখাল থেকে গতকাল সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কুশিয়ারা নদীর সংযোগস্থল কুড়াখালে লাশটি ভাসমান অবস্থায় ছিল। বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান বলেন, লাশটি ভাসমান দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি প্রায় অর্ধগলিত। বয়স অানুমানিক ৪০ বছর। এলাকাবাসী পরিচয় শনাক্ত করতে পারছিলেন না।