গৃহবধূ নিহত, অবরোধ ও লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় সালেহা বেগম (৪৫) নামের এক গৃহবধূ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তিনি জামুর্কী ইউনিয়নের গুচ্ছগ্রামের ফন্নু মিয়ার স্ত্রী। এ ঘটনার জের ধরে এলাকাবাসী গতিরোধক ও পদচারী সেতুর দাবিতে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মহাসড়কের জামুর্কীতে দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়কের ওপর টায়ারে আগুনে ধরিয়ে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে জনতাকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু এলাকাবাসী তা আমলে নিচ্ছিল না। প্রায় এক ঘণ্টার পর পুলিশ লাঠিপেটা শুরু করে। এতেও এলাকাবাসী ছত্রভঙ্গ না হলে পুলিশ চার-পাঁচটি রাবার বুলেট ছোড়ে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটের আঘাতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের জামুর্কীতে অবস্থিত মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুচ্ছগ্রামের হাজেরা বেগম (৪৫) ও তাঁর মেয়ে নবম শ্রেণীর ছাত্রী ফাহিমা আক্তারকে গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা জানান, সড়ক থেকে এলাকাবাসীকে সরাতে বাধ্য হয়ে পুলিশকে চার-পাঁচটি রাবার বুলেট ছুড়তে হয়েছে। তবে কেউ আহত হয়েছেন কি না, তা জানা নেই।