গৃহবধূ মিনা হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ার রামচন্দ্রপুর গ্রামের গৃহবধূ মিনা আক্তারকে (৩৫) হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রামচন্দ্রপুর গ্রামের রেজিয়া খাতুন (৫০) ও হারুনা আক্তার (২০)। 
আদালত সূত্রে রায়ের বিবরণে জানা গেছে, প্রতিবেশী হারুনা ও রেজিয়া ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর সকালে আবদুস সাত্তারের স্ত্রী মিনা আক্তারের ধানখেতের খড় পুড়িয়ে ফেলেন। মিনা কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনা কাঠের পিঁড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন ও রেজিয়া তাঁর গলা চেপে ধরেন। এতে মিনা গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তিনি মারা যান।