গৃহবধূ শিউলির চোখে অস্ত্রোপচার চলছে

গৃহবধূ শিউলি আক্তারের দুই চোখে অস্ত্রোপচার চলছে। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক এ কথা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে স্বামী জুয়েল হাসান চাকু দিয়ে খুঁচিয়ে শিউলির দুই চোখ তুলে ফেলেন। একই ভবনে ভাড়া থাকা অন্য প্রতিবেশীরা শিউলিকে উদ্ধার করে নিয়ে এসেছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক প্রথম আলোকে বলেন, শিউলির ডান চোখের ভেতরে কিছু অংশ পাওয়া গেছে। অস্ত্রোপচার করে তা ফেলে দিতে হবে। আর বাম চোখের ভেতরে কিছুই নেই। এখন হাসপাতালের অধ্যাপক গোলাম হায়দার এবং শওকত আরা শাকুর অস্ত্রোপচার করছেন। যদি চোখের ভেতরের অবস্থা ভালো থাকে তাহলে কৃত্রিম চোখ লাগানোর জন্য বেজ বল লাগিয়ে দেওয়া হবে।
গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর জামাইবাজার এলাকার ভাড়া বাসায় স্বামী জুয়েল চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে তাঁর স্ত্রীকে ভেতরে রেখেই বাসা তালাবদ্ধ করে চলে যান। চিৎকার শুনে পরে প্রতিবেশীরা পুলিশের সহায়তায় ঘরের তালা ভেঙে শিউলিকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। পথে দীর্ঘ যানজটের কারণে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরে রাত পৌনে একটার দিকে তাঁকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয়।
গতকাল শুক্রবার শিউলি প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে তিনি জুয়েলকে বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই দেখছেন, স্বামী নেশা করে। আগের স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাবেন, তা এনে দেওয়ার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন জুয়েল। এ ছাড়া স্বামী তাঁকে সন্দেহ করতেন।
শিউলি বলেন, ‘ও ইয়াবা না কি জানি একটা খায়। ওই দিন নেশার পরিমাণ বেশি হইছিল। স্বামী সারাক্ষণই ঘর, বাইর করে। তারপরও আমারে সন্দেহ করে। বলে, ঘরে কে আসছিল? বলতে বলতেই আমার মুখে স্কচটেপ মারে। দুই হাত পেছন দিকে বাইন্ধ্যা ফালায়। দুই পা বান্ধে। একসময় খালি বুঝি আমার এক চোখ নাই। তারপর বেহুঁশ হইয়া যাই। একসময় একটু একটু জ্ঞান ফিরলে চারপাশে খালি অন্ধকার দেখি। হাতের বান্ধা একটু আলগা মনে হয়। মুখ থেইক্যা স্কচটেপ টাইন্যা একটু খুইল্যা চিৎকার দেই। আর কিছু মনে নাই।’
আরও পড়ুন: