গৃহবধূ হত্যা মামলায় দেবরকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী গ্রামে গৃহবধূ সুলতানা বেগম ফেরদৌসী হত্যা মামলায় তাঁর দেবরকে ফাঁসির আদেশ এবং চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৩ নভেম্বর সদর উপজেলার আবির নগর গ্রামের হারুনুর রশিদের মেয়ে সুলতানা বেগম ফেরদৌসিকে লামচরী গ্রামে শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হারুনুর রশিদ বাদী হয়ে সুলতানার স্বামী মনির হোসেন, দেবর বেলালসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন।

মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন সুলতানার স্বামী মনির হোসেন, শাশুড়ি সুফিয়া বেগম, ননদ শিল্পী বেগম ও দেবর রুবেল হোসেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন কামাল উদ্দিন।