গৃহবধূ হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যৌতুক না পেয়ে সেলিনা বেগম (৩৩) নামের এক গৃহবধূকে গত শুক্রবার রাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার ওই গৃহবধূর স্বামী মন্টু মিয়া, শ্বশুর ইসরাইল হোসেন ও শাশুড়ি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেলিনা বেগমের ভাই শাহানুর ইসলাম বলেন, তাঁদের বাড়ি পৌর শহরের এসকে বাজার মহল্লায়। ১০ বছর আগে উপজেলার কালুপুকুর গ্রামের রাজমিস্ত্রি মন্টু মিয়ার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। মন্টু ও সেলিনার সংসারে সিতারা (৭) ও শান্তা (৫) নামের দুই মেয়ে রয়েছে। দুই বছর ধরে মন্টু ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছেন। যৌতুক দিতে না পারায় বিভিন্ন অজুহাতে মন্টুসহ সেলিনার শ্বশুর ও শাশুড়ি প্রায় সেলিনাকে মারধর করতেন। গত শুক্রবার রাতে সেলিনার কাছে মন্টুর ছোট ভাই মনির উদ্দিন টাকা চান। সেলিনা তা দিতে না চাওয়ায় ঝগড়ার একপর্যায়ে মন্টু, মনির, তাঁদের বড় ভাই মজনু, তাঁদের বাবা ইসরাইল ও মা মনোয়ারা মারধর করে সেলিনাকে হত্যা করেন।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ হোসেন বলেন, খবর পেয়ে মন্টুর বাড়ি থেকে সেলিনার লাশ উদ্ধার করা হয়। লাশের বাঁ গালে আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গতকাল শাহানুর বাদী হয়ে মন্টু, মজনু, মনির, ইসরাইল ও মনোয়ারার বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। পরে মন্টু, ইসরাইল ও মনোয়ারাকে গ্রেপ্তার করা হয়। মন্টু পুলিশের কাছে সেলিনাকে মারধরের কথা স্বীকার করেছেন।