গৃহবধূ হত্যার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মধ্য সোনাখালী গ্রামের গৃহবধূ সাফিয়া বেগমকে (২২) হত্যার অভিযোগে শ্বশুর ইউসুফ হাওলাদারকে (৪৮) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রব খাঁন জানান, গত বছর ১২ ডিসেম্বর সাফিয়া বেগমের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করে। ময়নাতদন্তের প্রতিবেদনে ওই গৃহবধূর মৃত্যুর কারণ আঘাতজনিত বলে উল্লেখ করা হয়। এ প্রতিবেদন থানায় আসার পর উপপরিদর্শক (এসআই) আবদুল হক বাদী হয়ে গত বুধবার ওই গৃহবধূর স্বামী মো. বেল্লাল, শ্বশুর ইউসুফ হাওলাদার ও শাশুড়ি হাজেরা বেগমকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতে হাজির করা হয়।অন্তঃসত্ত্বা সাফিয়া বেগম ২০১১ সালের ১২ ডিসেম্বর মারা যান। শ্বশুরপক্ষ সাফিয়ার পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রচার চালায়। সাফিয়ার বাবা আবদুল খালেকের অভিযোগের পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠান।