গৃহবধূ হত্যার ঘটনায় মামলা, বোনের সাবেক স্বামীকে সন্দেহ
রাজধানীর ডেমরায় গৃহবধূ রিনা আক্তার (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার মধ্যরাতে মামলা হয়েছে। স্বামী মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ডেমরা থানায় মামলাটি করেন। রিনাকে হত্যার পেছনে তাঁর বোনের সাবেক স্বামীর হাত থাকতে পারে।মামলার অভিযোগে বলা হয়, সাত-আট বছর আগে রিনার বোন মিনা আক্তারের সঙ্গে স্বামী লিটন ওরফে শামীমের বিচ্ছেদ হয়। এরপর মিনা মধ্যপ্রাচ্যে চলে যান। বিবাহবিচ্ছেদ ও মিনাকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পেছনে রিনার হাত ছিল বলে লিটনের ধারণা ছিল। এরপর থেকে লিটন বেশ কয়েকবার রিনাকে প্রাণনাশের হুমকি দেন। সম্প্রতি মিনা দেশে ফিরলে রিনাকে হুমকি দিতে থাকেন লিটন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন বলেন, হত্যাকাণ্ডের আগে কয়েক দিন ধরে লিটন গৃহবধূ রিনার বাসার আশপাশে ঘোরাফেরা করতেন। তিনি রিনাকে হুমকি দিচ্ছিলেন। ঘটনার পর তিনি গা-ঢাকা দেন। এ ছাড়া রিনার স্বামী মনির হোসেনের সঙ্গে কারও ব্যবসায়িক বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। খুনিরা ডাকাতি সাজাতে বাসা থেকে টাকা, অলংকার ও মুঠোফোন নিয়ে যায়।গত বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তরা রিনার বাসায় ঢুকে তাঁর মেয়ে, ভাই, দুই বোন ও বোনের সন্তানদের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে তারা রিনাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে রিনার লাশ গ্রামের বাড়ি গাজীপুরে দাফন করা হয়।