গৃহবধূ হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ রহিম।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন নুরে আলম, সোহেল ও সাব মিয়া। তাঁদের মধ্যে সোহেল পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যান। সেখানে দোকানদার নুরে আলম, সোহেল ও সাব মিয়া মিলে তাঁকে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার দিলে আসামিরা তাঁকে হত্যা করে বস্তা দিয়ে লাশ পেঁচিয়ে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ নুরে আলমকে গ্রেপ্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে এ মামলায় পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে সাব মিয়াকেও গ্রেপ্তার করা হয়।