গৃহবধূ হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গৃহবধূ লাকী আক্তার (২১) হত্যার বিচারের দাবিতে গতকাল শনিবার সকালে নগরের প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, গৃহবধূকে হত্যা করে খুনিরা আত্মহত্যা বলে প্রচারণা চালাচ্ছে।জানা গেছে, ২৪ মে আনোয়ারার বটতলী গ্রামের শ্বশুরবাড়িতে লাকী আক্তার মারা যান। তাঁকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আবু নাছের (৩৫), তাঁর ভাবি সেলিনা আক্তার (৩০) ও ভাগ্নে মো. একরামকে (২২) পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আসামি করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা করা হয়।গৃহবধূর বড় ভাই মোহাম্মদ শহিদুল আলম অভিযোগ করেন, আসামিরা ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ জন্য তারা ময়নাতদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করার চেষ্টা করছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুস সামাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।