গৃহবধূ হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ দিলারা জামান ওরফে সাথী (২২) আত্মহত্যা করেননি বরং তাঁকে হত্যা করা হয়েছে। এ অভিযোগ নিহত সাথীর বাবার পরিবারের। তাঁরা ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবিতে তাঁরা গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বেলা সাড়ে ১১টায় স্থানীয় সাপ্তাহিক লালমনিরহাট বার্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে। এতে সাথীর মা শাহানা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিলারা জামানের বাবা দেলোয়ার হোসেন ও পরিবারের অন্য সদস্যরা।
লিখিত বক্তব্যে সাথীর মা বলেন, ‘আমার মেয়ে সাথী চোখের সমস্যায় ভুগছিল, চশমা ছাড়া সে এক পা-ও চলতে পারত না। তাহলে শ্বশুরবাড়ি থেকে এক কিলোমিটার দূরে সে কীভাবে একা ধরলা নদী পর্যন্ত গেল। সাথীর চশমা ও মোবাইল ফোন শ্বশুরবাড়িতে তার থাকার ঘরে পাওয়া গেছে। গত ১৩ ফেব্রুয়ারি রাতে সাথীর শ্বশুরবাড়ির কাজের মেয়ে লাভলী বেগম তার সঙ্গে থাকার ঘরে এক বিছানায় ঘুমিয়ে ছিল। লাভলীকে পুলিশ কেন গ্রেপ্তার করল না, তাকে গ্রপ্তার করলে সাথী হত্যার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব।’
লিখিত বক্তব্যে সাথীর মা আরও বলেন, ‘সাথী হত্যাকাণ্ডের দু-তিন মাস আগে সাথীর স্বামী সেরাজুল ইসলাম ঢালী ওরফে রিপন মালয়েশিয়া থেকে সাথীকে মোবাইলে বলে, “তোমার মা-বাবা তোমার চোখের সমস্যার কথা গোপন করে বিয়ে দিয়ে আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমি চোখের চিকিৎসার জন্য তোমাকে মালয়েশিয়ায় নিয়ে যাব, এ জন্য তোমার বাবার কাছ থেকে তিন লাখ টাকা এনে দাও।” এ কথা নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো বলে মেয়ে আমাকে জানিয়েছিল। পুলিশের সুরতহাল প্রতিবেদনে লাশ উদ্ধারের সময় সাথীর হাত দুটি ওপরের দিকে বাঁকানো অবস্থায় আছে এবং নাক দিয়ে সাদা ফেনা বের হচ্ছে ও পেট স্বাভাবিক বলে উল্লেখ রয়েছে। এসব কারণ বিশ্লেষণ করলে প্রমাণিত হবে আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’
২০১৪ সালের ৩১ মে রংপুর আলমনগর কলোনির দেলোয়ার হোসেনের মেয়ে দিলারা জামান ওরফে সাথীর সঙ্গে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ কলেজপাড়ার গোলাম কবীর ঢালীর ছেলে সেরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের ২০-২২ দিন পরে রিপন মালয়েশিয়ায় চলে যান। সাথী এ সময় তাঁর বাবার বাড়ি ও শ্বশুরবাড়িতে পর্যায়ক্রমে অবস্থান করতেন। বিয়ের ১০ মাস পর ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে সাথীর লাশ রসুলগঞ্জে ধরলা নদী থেকে পুলিশ উদ্ধার করে।
সাথীর ভাশুর স্বপন ঢালী দাবি করেন, সাথীর স্বামী বিদেশে থাকেন। তাঁদের মধ্যে মুঠোফোনে মাঝেমধ্যে ঝগড়া হতো। এতে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে সাথী আত্মহত্যা করেছেন।