গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গৃহবধূ জেসমিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী পূর্বধলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। তাঁরা ওই মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। যৌতুক না পেয়ে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ধোপাহোগলা গ্রামের ইকবাল মন্ডল (২৪) তাঁর স্ত্রী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাটি গ্রামের শুক্কুর আলী শেখের মেয়ে জেসমিন আক্তারকে (১৮) রড দিয়ে পিটিয়ে ও গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর সকালে জেসমিন মারা যান। পরে নিহত জেসমিনের ভাই মজিবুর রহমান স্বামী ইকবাল মন্ডলসহ কয়েকজনকে আসামি করে পূর্বধলা থানায় একটি মামলা করেন। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।