গৃহবধূ হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন
সুনামগঞ্জে আমেনা বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে বিল্লাল হোসেন (৪২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ আজ মঙ্গলবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেনের বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব খিলাতলী গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে সৃষ্ট জটিলতার জেরে ১৯৯৮ সালের ৫ জুন এই হত্যার ঘটনা ঘটে। এর পরের দিন আমেনার বাবা দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামের কালা মিয়া বাদী হয়ে বিল্লালকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সুনামগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সোহেল আহমদ। আর আসামিপক্ষে ছিলেন আপ্তাব উদ্দিন।