গৃহবধূ হত্যায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া নিহতের চার দেবরকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

এতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের লিপি বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মোকাদ্দেস মৃধা (৩৯) ও প্রতিবেশী কবির খাঁকে (৪৬) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মোকাদ্দেসের চার ভাই জালাল মৃধা (৬০), জাকির মৃধা (৫০), আবির মৃধা (৪০) ও মিরাজ মৃধাকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করার কথা বলা হয়েছে।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কবির খাঁ বাদে বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। কবির খাঁ পলাতক। মামলার আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জাকির মৃধার স্ত্রী বুলু বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালতের পেশকার প্রণব কুমার চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ১৫ জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় লিপি বেগমকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরের দিন নিহতের বাবা আকমল মৃধা বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেন।
বোয়ালমারী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোট পাঁচজন কর্মকর্তা মামলাটি নিয়ে তদন্ত করেন। ২০০৮ সালের ৭ আগস্ট মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সিআইডির উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ নিহতের স্বামী মোকাদ্দেস, তাঁর চার ভাই, এক ভাইয়ের স্ত্রী ও প্রতিবেশী কবির খাঁসহ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।