গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা একজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর তাঁর আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় কামাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে।
ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কামালসহ পাঁচজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে শহরের তল্লা সবুজবাগ এলাকায় কামাল, তাঁর সহযোগী রমজান, ইলিয়াস, সুমন ও ইজাহার গৃহবধূকে পাশের পরিত্যক্ত ভবনে নিয়ে যান। এ সময় তাঁরা গৃহবধূকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে তাঁকে মারধর করে গুরুতর জখম করেন এবং এ সময় তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। তা না হলে এ দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। গৃহবধূ তাঁর স্বামীকে বিষয়টি জানিয়ে টাকা আনতে বলেন।
গৃহবধূর স্বামী বিষয়টি ফতুল্লা মডেল থানার পুলিশকে জানান। পুলিশ রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে কামালকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ওই গৃহবধূরও সমস্যা আছে। তবু তাঁর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।