গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে অপহরণের পর এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার রাতে স্বামীর বাড়িতে যাওয়ার পথে তিনি অপহূত হন। দুর্বৃত্তরা তাঁকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে। পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল রোববার ওই গৃহবধূ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পূর্ব হিঙ্গুলী এলাকার মৃত জাগির হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৬) ও সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ আশেক (১৯)। মামলার অন্য আসামি আজমনগর গ্রামের ছগির আহম্মদের ছেলে মুজিবুল হক এখনো পলাতক।

পুলিশ ও গৃহবধূর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ফরেস্ট এলাকার এক গৃহবধূ তার এক আত্মীয়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেনী থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। শনিবার রাত প্রায় সাড়ে নয়টায় তাঁদের বহনকারী অটোরিকশাটি হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। এ সময় তারা ওই গৃহবধূর এক আত্মীয়কে মারধর করে রাস্তায় ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা অটোরিকশার চালককে জিম্মি করে ওই গৃহবধূকে ইসলামপুর এলাকার পাহাড়ে নিয়ে ধর্ষণ করে।

খবর পেয়ে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম রাত প্রায় সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেন। গতকাল সকালে তিনি বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ গতকাল সকালে পূর্ব হিঙ্গুলী গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদ ও আশেককে গ্রেপ্তার করে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারী মামলা দায়ের করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।