গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ইয়াসমিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন তাঁর স্বামী। গত শনিবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গৃহবধূর সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে তাঁর আড়াই বছরের সন্তান সাজিদ মিয়া। পুলিশ গতকাল রোববার স্বামী শাকিল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন বছর আগে রায়পুরা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে ইয়াসমিনের সঙ্গে সদর উপজেলার শ্রীনগর গ্রামের রহমত উল্লাহর ছেলে শাকিল মিয়ার বিয়ে হয়। বিয়ের পরপরই শাকিল তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে পলাশের দক্ষিণ দেওড়া গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাকিল প্রায়ই ইয়াসমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ইয়াসমিনের মা রহিমা বেগম স্থানীয় সরকারের অধীনে গ্রামীণ সড়ক মেরামতের কাজ করেন। মেয়ের কাছে নির্যাতনের কথা শুনে ও মেয়ের সুখের কথা চিন্তা করে এক বছর আগে তিনি মাটি কাটার কাজ করে জমানো ১০ হাজার টাকা শাকিলের হাতে তুলে দেন। এর কিছুদিন পার হতে না হতেই শাকিল পুনরায় ব্যবসা করার অজুহাতে টাকা এনে দেওয়ার জন্য ইয়াসমিনকে চাপ দিতে শুরু করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এসব ঘটনার জের ধরে শাকিল শনিবার বিকেলে ইয়াসমিন ও শিশুপুত্র সাজিদের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।এ সময় ইয়াসমিনের চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই ইয়াসমিনের মৃত্যু হয়। তাঁর শিশুসন্তান সাজিদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে গৃহবধূ ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় তাঁর মা রহিমা বেগম বাদী হয়ে পলাশ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা করেছেন। রহিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘বিয়ের পর থেকেই শাকিল টাকা নেওয়ার জন্য ইয়াসমিনকে মারধর করত। শেষ পর্যন্ত আমার মেয়েকে সে আগুনে পুড়িয়ে মারল। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’পলাশ থানার পরিদর্শক (তদন্ত) বদরুল আলম বলেন, ‘ইয়াসমিনের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (রোববার) ভোরে রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।’