গৃহবধূকে আটকে রেখে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে ছয় দিন ধরে ঘরে আটকে রেখে স্বামী ও শাশুড়ি নির্যাতন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েকে উদ্ধারের জন্য শিবচর থানায় গৃহবধূর বাবা লিখিত অভিযোগ করার তিন দিনেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। গৃহবধূর পরিবার সূত্র জানায়, ১৬ মাস আগে শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের জয়নাল শিকদারের মেয়ে শোভা আক্তারের (১৯) সঙ্গে পাঁচ্চর ইউনিয়নের বৈইখণ্ডপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে গোলাম মাওলার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের ৫০ হাজার টাকার জন্য শাশুড়ি ও স্বামীর শারীরিক-মানসিক নির্যাতন শুরু হয় শোভার ওপর। মাস ছয়েক আগে শোভার বাবা এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দেন। সে সময় উপপরিদর্শক (এসআই) উৎপল বিশ্বাস তদন্তে গৃহবধূকে নির্যাতন করার সত্যতা পান।কয়েক দিন ধরে শোভার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। শোভার বাবা জয়নাল শিকদার জানান, গত রোববার তিনি মেয়েকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁর কাছে যৌতুকের ৫০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় শোভাকে যেতে দেওয়া হবে না বলে তাঁকে জানানো হয়। তিনি আরও জানান, ওই দিন শোভা তাঁকে জানিয়েছেন, যৌতুকের টাকার জন্য স্বামী তাঁকে মারধর এবং শাশুড়ি বকাঝকা করেন। শোভাকে নির্যাতন থেকে রক্ষা এবং উদ্ধারের জন্য তাঁর বাবা গত বুধবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দেন। শোভার শাশুড়ি ছকিনা বেগম দাবি করেন, যৌতুকের জন্য তিনি পুত্রবধূকে কোনো নির্যাতন করেন না। উপপরিদর্শক উৎপল বিশ্বাস বলেন, ‘এর আগে তদন্ত করা হয়েছিল, নির্যাতনের প্রমাণও মিলেছে। তবে বর্তমানে আমি খুব ব্যস্ত, তাই কোনো ব্যবস্থা নিতে পারিনি।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘গৃহবধূকে উদ্ধার করতে হলে আদালতের সার্চ ওয়ারেন্ট লাগবে।’ অভিযোগ দেওয়ার পর তিন দিনেও কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অফিসার ব্যস্ত, সময় পেলে যাবে।’