গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
একজন গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামের বাসিন্দা কবির খান। এতে ক্ষিপ্ত বখাটে যুবকেরা গত মঙ্গলবার রাতে কবিরকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনিচ পালোয়ান নামের এক যুবক আদমপুরার ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। তাঁর স্বামী বিষয়টি স্থানীয় যুবক কবির খানকে জানান। তিনি আনিচের কাছে বিষয়টি জানতে চান এবং এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেন। এতে আনিচ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে দলবল নিয়ে কবিরের ওপর হামলা করেন। ঘটনার সময় কবির একা ছিলেন। তাঁর মাথা ও ঘাড়ে কোপানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কবিরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
দশমিনা থানার ওসি মো. নাজমুল ইসলাম চৌধুরী বলেন, কবিরের ওপর হামলার ঘটনায় তাঁর ভাই মানিক খান মামলা করেছেন।