গৃহবধূকে উত্ত্যক্তের পর বাড়িতে হামলা, মারধর
বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে উত্ত্যক্তের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করায় বখাটে যুবকেরা ওই গৃহবধূর বাড়িতে হামলা চালিয়েছে। এতে গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। গত শনিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধূর স্বামী অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে প্রায় দুই বছর ধরে একই গ্রামের নবীর উদ্দিন (৩২) উত্ত্যক্ত করে আসছেন। পরে গ্রামের মাতব্বরদের পরামর্শ অনুযায়ী তিনি ২১ জানুয়ারি শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশের কাছে অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে নবীর উদ্দিনের পাঁঁচ-ছয়জন সহযোগী তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁর স্ত্রী, বড় ভাই এবং বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করে।ওই ব্যক্তির বড় ভাই অভিযোগ করেন, নবীর উদ্দিনের ভয়ে তাঁদের বাড়ির মেয়েরা বাইরে বের হতে পারে না। থানায় করা অভিযোগ তুলে না নিলে তাঁদের গ্রামে থাকতে দেওয়া হবে না বলে হামলাকারীরা হুমকি দিয়েছে।জানতে চাইলে নবীর উদ্দিন হামলা ও উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেন। তবে ওই গ্রামের বাসিন্দা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশিদ বলেন, নবীর উদ্দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছেন। বেশ কিছুদিন আগে এক গ্রাম্য সালিসে তিনি নবীরকে হুঁশিয়ার করে দেন। ওই গ্রামের মাতব্বর মজনু সরকার বলেন, নবীর উদ্দিন গ্রাম্য সালিস মানেননি। এ জন্য তিনি ওই গৃহবধূর স্বামীকে থানা পুলিশের আশ্রয় নিতে বলেছেন।শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বায়োজীদ বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন। শনিবারের হামলার ঘটনাটি তিনি শুনেছেন। ওই থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নবীরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।