গৃহবধূকে খুন করে দরজায় তালা!
ঘরের দরজায় তালা ঝুলছিল। ভেতরে শয়নকক্ষের চলন্ত সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা ছিল মৃতদেহ। গত বুধবার রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকার একটি বাসা থেকে দরজার তালা ভেঙে পুলিশ এ অবস্থায় উদ্ধার করে তানজিনা আক্তার রুমা (৩০) নামের গৃহবধূর মরদেহ। ঘটনার পর থেকে তানজিনার স্বামী সুহেল আহমদ (৩৫) শিশুসন্তানসহ লাপাত্তা হয়ে থাকায় পুলিশসহ পরিবারের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামীর যোগসাজশে খুনের ঘটনা ঘটেছে।এ ঘটনায় বুধবার রাতেই সিলেটের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হলে পুলিশ মধ্যরাতে নগরের পাঠানটুলা এলাকা থেকে আত্মগোপন অবস্থায় সুহেলকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে নয় মাসবয়সী শিশুকন্যা রুমানাকে উদ্ধার করা হয়।পুলিশ ও পরিবার সূত্র জানায়, সুহেল আহমদের বাড়ি নেত্রকোনায়। সিলেট নগরের একটি রূপসজ্জার দোকানে কর্মরত থাকা অবস্থায় তানজিনার সঙ্গে সুহেলের প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। তানজিনা-সুহেল দম্পতির বড় ছেলে নগরের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসহোমে পড়ে। রুমানা নামে নয় মাসবয়সী তাঁদের কন্যাসন্তান রয়েছে। নগরের কুমারপাড়া এলাকার মা মঞ্জিলের একটি ফ্ল্যাটে সপ্তাহ খানেক হয় বাসা ভাড়া নিয়ে তাঁরা বসবাস করছিলেন। ফ্ল্যাটের প্রতিবেশীরা জানান, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। এ সময় ছেলের গৃহশিক্ষক বাসায় গেলে সুহেল শিক্ষককে বাসা থেকে তাড়িয়ে দেন। এর প্রায় ঘণ্টা খানেক পর প্রতিবেশীরা বাসাটি তালাবদ্ধ দেখতে পান। বিকেলে গৃহশিক্ষক ফোন করে তানজিনার মা ও বোনকে ঘটনাটি জানান। এ খবর পেয়ে তানজিনার এক বোন মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পান। সন্ধ্যায় তানজিনার মা মনোয়ারা বেগম ও বোন সুমাইয়া আক্তারসহ পরিবারের লোকজন বাসায় এসে দেখেন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। ভেতরে কেউ আছে কি না, এ বিষয়ে প্রতিবেশীরা জানতে না পারায় একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। সিলেটের কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ এসআই শাহ মো. মুবাশ্বিরসহ একদল পুলিশ রাত আটটায় ঘরের দরজা ভেঙে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তানজিনার মরদেহ ঝুলতে দেখেন। এ সময় ঘরের আসবাব এলোমেলো পাওয়া গেছে। বাথরুমে দুটো চেয়ার রাখা ও ভ্যান্টিলেটরের কাচও ভাঙা দেখা যায়। ঘরের আলামত দেখে পুলিশ প্রাথমিকভাবে এটিকে খুন বলে শনাক্ত করে।রাত ১০টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাত ১১টায় তানজিনার মা মনোয়ার বেগম সুহেলসহ ছয়জনকে আসামি করে সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে বলেন, ‘তানজিনাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। শয়নকক্ষের যে ফ্যানে তানজিনার মরদেহ ঝুলছিল, ফ্যানের সুইচ অন (চলন্ত) পাওয়া গেছে। এ ছাড়া ঘরের আলামত দেখে ধারণা করা হচ্ছে, একাধিক ব্যক্তির উপস্থিতিতে খুনের ঘটনাটি ঘটেছে।’তানজিনার ছোট বোন সুমাইয়া আক্তার জানান, প্রায় এক বছর প্রেমের সম্পর্কের পর সুহেলের সঙ্গে তানজিনার বিয়ে হয়। সুহেল প্রথমে তাঁদের এলাকার পার্শ্ববর্তী রায়নগরে একটি ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি বাসা বদল করে কুমারাপাড়ার ওই ফ্ল্যাটে যান। সেখানে যাওয়ার পর থেকে প্রায়ই তানজিনা ফোন করে সুহেলের নানা রকম নির্যাতনের কথা বর্ণনা করতেন। সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, এটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া সুহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।