গৃহবধূকে গণধর্ষণ, সালিস বৈঠক থেকে আটক অভিযুক্তরা
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা এলাকায় এক গৃহবধূ (৩৫) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার সালিস বৈঠক বসলে সেখান থেকে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে একই এলাকার তিন যুবক ওই গৃহবধূর ঘরে ঢোকেন। এরপর তাঁরা তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে (১৩) ধর্ষণের ভয় দেখিয়ে কানের দুল ও আট হাজার টাকা লুট করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন গৃহবধূর এক দূরসম্পর্কের আত্মীয় (ভাগনে)। একপর্যায়ে তিন যুবক গৃহবধূর মেয়ে এবং ওই আত্মীয়কে পাশের ঘরে আটকে রাখেন। এরপর তাঁরা গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে এক সালিস বৈঠক বসে। এতে আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরীসহ এলাকার তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
পৌর মেয়র ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সালিস বৈঠকে ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেন। ধর্ষণের ঘটনার আপস-মীমাংসা আইনসিদ্ধ নয়। তাই থানার পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তিন যুবককে আটক করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, জয়পুরহাট সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের অভিযোগে তাঁর স্বামী বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন। এ সময় গৃহবধূর দূরসম্পর্কের ওই আত্মীয় সঙ্গে ছিলেন। তখন তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।