গৃহবধূকে গণধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
নরসিংদীর পলাশ উপজেলায় গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রথম আলোর নরসিংদী বন্ধুসভার বন্ধুরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ২০ আগস্ট সন্ধ্যায় রিকশায় করে ঘোড়াশালে বোনের বাড়ি যাচ্ছিলেন এক গৃহবধূ। পথে রিকশাচালক মুঠোফোনে তাঁর ১০ সহযোগীকে ডাকেন। এরপর ওই গৃহবধূকে নির্জন জায়গায় নিয়ে সবাই ধর্ষণ করেন। এ দৃশ্য মুঠোফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। পরে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। এরপর গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। মামলা দায়েরের পর আর কোনো আসামি ধরতে পারেনি পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত নরসিংদী বন্ধুসভার মানববন্ধনে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহরাওয়ার্দী, বন্ধুসভার সভাপতি রায়হানা সরকার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তাসমিয়া হক, তনিমা ফারিয়া, ইতি আক্তার, নাসরিন সুলতানা, এল্টন দাস, ঈলাশ চক্রবর্তী, পল্টন দাস, জালাল উদ্দিন, নাদিম প্রমুখ বন্ধু উপস্থিত ছিলেন।