গৃহবধূকে গলা কেটে হত্যা শাশুড়ি গ্রেপ্তার
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সাবিনা খাতুন (২৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত রোববার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনার পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সাবিনাকে হত্যা করেছে। এ ঘটনায় সাবিনার চাচা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ সাবিনার শাশুড়ি ছমিরন খাতুনকে গ্রেপ্তার করেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১২ বছর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচদীঘল গ্রামের সাবিনা খাতুনের সঙ্গে ভাঙ্গুড়ার করতকান্দি গ্রামের আবদুস সালামের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের এক ছেলে ও তিন বছরের এক মেয়েসন্তান রয়েছে। ঘটনার দিন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সাবিনার ঝগড়া হয়। এর জের ধরে একপর্যায়ে তারা সাবিনাকে গলা কেটে হত্যা করে।মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সাবিনার শাশুড়ি ছমিরন খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।