গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন
গাইবান্ধা সদর উপজেলার খামার ট্যাংগরজানি গ্রামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন ও মাথার চুল কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে ওই গৃহবধূর সঙ্গে প্রতিবেশী এক নারীর ঝগড়া বাধে। এর জের ধরে ওই গৃহবধূকে নারকেল গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করেন ওই নারী ও তাঁর লোকজন। একপর্যায়ে তাঁরা গৃহবধূর মাথার চুল কেটে দেন। গতকাল শনিবার সকালে তাঁকে গাছের সঙ্গে বাঁধা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকেও অবরোধ করে রাখেন অভিযুক্তরা। পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার এবং ঘটনায় জড়িত অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করে। গুরুতর আহত ওই গৃহবধূকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নির্যাতনের শিকার গৃহবধূ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন।