গৃহবধূকে গুমের অভিযোগ স্বামীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উলুহাটি গ্রামে যৌতুক না পেয়ে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে (২০) নির্যাতনের পর গুম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর বড় ভাই নান্দাইল মডেল থানায় মামলা করতে গেলে অনেক টালবাহানার পর পুলিশ গুমের ঘটনাটি বাদ দিয়ে যৌতুকের জন্য মারধরের অপরাধের ধারায় [নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩)-এর ১১ (গ)/৩০] ২০ ডিসেম্বর মামলা গ্রহণ করে। গত ১৩ ডিসেম্বর ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসামিপক্ষ আমাকে বলেছে বাদীপক্ষ মেয়েটিকে লুকিয়ে রেখেছে। তাই গুমের ধারা যুক্ত না করে নারী নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে।’সম্প্রতি উলুহাটি গ্রামে গেলে গৃহবধূর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে পাশের বাড়ির সুমন মিয়ার (২৫) প্রেমের সম্পর্ক ছিল। চার-পাঁচ মাস আগে তাঁদের বিয়ে হয়। পাশাপাশি বাড়ি হলেও বিয়ের পর আমাদের সঙ্গে সম্পর্ক রাখেনি সুমনের পরিবার। শুনতে পেতাম, মেয়েটির ওপর যৌতুকের জন্য নির্যাতন চালানো হচ্ছে। মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য জামাইকে (সুমন) একটি মোটরসাইকেল দেওয়ার টাকা জোগাড় করে রেখেছিলাম। এখন শুনতেছি জামাই মেয়েকে তালাক দিয়েছে। মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না।’ বাড়িতে গিয়ে সুমন ও তাঁর বাবাকে পাওয়া যায়নি। পুত্রবধূ সম্পর্কে জানতে চাইলে সুমনের মা রোকেয়া খাতুন (৫০) বলেন, ‘ও ছিল নষ্ট চরিত্রের মেয়ে। গ্রামের মানুষের চাপে পড়ে ওই মেয়েকে সুমন বিয়ে করতে বাধ্য হয়। সম্প্রতি ছেলের সঙ্গে ওই মেয়ের ছাড়াছাড়ি (তালাক) হয়ে গেছে। মেয়েটিকে তাঁর বড় ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা তাঁকে গুম করিনি।’ জানতে চাইলে মেয়েটির বড় ভাই বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করে বোনকে না পেয়ে গ্রামের লোকজনের পরামর্শমতো আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। থানায় তিনবার লিখিত অভিযোগ জমা দিয়েছি। অভিযোগে গুমের ঘটনা উল্লেখ থাকায় ওসি মামলা নিতে চাননি। পুলিশের এ রকম আচরণে ঘটনার বিচার ও বোনের সন্ধান পাব কি না সন্দেহ রয়েছে।’