গৃহবধূকে গুরুতর জখম টাকা ও স্বর্ণালংকার লুট
বরগুনায় অ্যাসিডদগ্ধ এক গৃহবধূর গালে মোটা স্ক্রু ঢুকিয়ে ক্ষতবিক্ষত করে ২০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের উপকণ্ঠে পূর্ব ধূপতি গ্রামে এ ঘটনা ঘটে। কুলসুম বেগম নামের ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলসুম ও তাঁর এক ননদ ২০০২ সালের ২৪ নভেম্বর বরগুনার তালতলী উপজেলার বড় অংকুজানপাড়া গ্রামের বাড়িতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। প্রথম আলো ট্রাস্টের সহায়তায় ২০০৩ সালে কুলসুমকে জেলা শহরের উপকণ্ঠে পূর্ব ধূপতি গ্রামে ছয় শতক জমি কিনে একটি বাড়ি করে দেওয়া হয়। একমাত্র মেয়ের বিয়ে হওয়ার পর সেখানে তিনি স্বামীকে নিয়ে বাস করেন। তাঁর স্বামী দুলাল হোসেন পাথরঘাটায় মাছের ব্যবসা করেন।
দুলাল হোসেন জানান, রাত আড়াইটার দিকে ঘরের পেছন দিয়ে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কুলসুমকে পিঠমোড়া করে বেঁধে ফেলে। কুলসুম যাতে চিৎকার দিতে না পারেন সে জন্য তাঁর গালের ডান পাশ দিয়ে একটি বড় স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে বাম পাশে ভেদ করিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা প্রথমে কুলসুমের কানের দুল ছিঁড়ে নেয়। এতে দুটি কানই মারাত্মক জখম হয়। পরে আহত কুলসুমকে পদদলিত করতে থাকে তারা। একপর্যায়ে হত্যার হুমকি দিয়ে কুলসুমের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার রাখা স্থান জেনে নেয় তারা। পরে দুর্বৃত্তরা ২০ হাজার টাকা ও মেয়ে এবং বোনের দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
একপর্যায়ে কুলসুমের গালের ঢোকানো স্ক্রু ড্রাইভারের এক পাশ সরে গেলে কুলসুম চিৎকার করেন। তখন প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে রাত পৌনে চারটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে কুলসুমের গাল থেকে স্ক্রু ড্রাইভারটি অপসারণ করেন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল দুপুরে কুলসুমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ব্যবহূত একটি টর্চলাইট, একটি ছুরি ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে। দুই ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী বলেন, কুলসুম বরিশালে চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।