গৃহবধূকে ঝলসে দেওয়ার অিভযোগ, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম পানি ঢেলে ফেরদৌসী বেগম নামের এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূর স্বামী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ৷
পুলিশ ও গৃহবধূর বাবার পরিবার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামের তজুমদ্দিনের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে গেড়ামারা গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে ফেরদৌসী বেগমের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে ফেরদৌসীর সঙ্গে শাশুড়ি শাহিদা বেগম ও ননদ ফুলেছা বেগমের ঝগড়া হতো।
গত বুধবার সন্ধ্যায় চালের গুঁড়া নিয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এ সময় তাঁরা বড় পাতিলে ফোটানো গরম পানি তাঁর শরীরে ঢেলে দেন। খবর পেয়ে ফেরদৌসীর মা-বাবা জামাতা রফিকুলের বাড়িতে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল রফিকুল স্ত্রীকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে পুলিশ তাঁকে আটক করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, মেয়েটির শরীরের ২০ ভাগ (কোমর থেকে নিচ পর্যন্ত) ঝলসে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন৷ তাঁর মায়ের সঙ্গে ঝগড়ার সময় ফেরদৌসী বাড়ির উঠানে রাখা গরম পানির পাতিলের মধ্যে পড়ে যান৷ এতে তঁার শরীর ঝলসে যায়৷
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গৃহবধূর বাবার পরিবারের অভিযোগের ভিত্তিতে রফিকুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷