গৃহবধূকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গৃহবধূ হাসিনা বেগমকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বৃহস্পতিবার তাঁর স্বামী আবু কাউছার মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা পৌর শহরের গুরুহিত গ্রামের শাকিল মিয়া ও মাইনুল মিয়া। এলাকাবাসী ও পুলিশ জানায়, আবু কাউছারের বাড়ি উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে। তিনি কসবায় একটি বিমা কোম্পানিতে চাকরি করেন। আবু কাউছার তাঁর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে নিয়ে পৌর শহরের ইমামপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত বুধবার বিকেলে হাসিনা হাঁটার জন্য বাসা থেকে বের হন। পরে আর বাসায় ফিরে আসেননি। গত বৃহস্পতিবার সকালে পৌর এলাকার গুরুহিত গ্রামের হামদু মিয়ার পুকুর থেকে হাসিনার লাশ উদ্ধার করে পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, এ ঘটনায় আবু কাউছার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তার হওয়া দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।