গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূ ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আজম আলীর ছেলে লিটন মিয়া (২৮) তিন মাস আগে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। বিষয়টি গৃহবধূ তাঁর স্বামীসহ এলাকার লোকজনকে জানালে তাঁরা লিটনকে শাসন করেন। গত সোমবার সন্ধ্যায় গৃহবধূর স্বামী ধান বেচতে ইকরচালী বাজারে যান। গৃহবধূকে তাঁর ঘরের ভেতর একা পেয়ে লিটন অস্ত্রের মুখে জিমিঞ্চ করে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় মঙ্গলবার লিটনকে আসামি করে ওই গৃহবধূ থানায় মামলা করেন। গতকাল বুধবার লিটনের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় লিটনের বাবা আজম আলী বলেন, ‘না বুঝি মোর ছেলেটা ভুল করছে। এটা মীমাংসা করার চেষ্টা চলছে।’ওই গৃহবধূর মা বলেন, ‘জামাই মেয়েটাক বাড়ি থাকি বাইর করি দিছে। এলা ফির বাড়াবাড়ি না করার জন্য লিটনের বাপ-মাও মোক বুঝাওছে। টাকা নিয়া মীমাংসা করবারো কয়ছে। ওমার ছেলেক পুলিশ ধরলে হামাক এলাকাত থাকপার দিবার না বেলে আজ সকালে (২১ মার্চ) বাড়িতে আসি লিটনের বাপ কয়া গেইছে।’তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণকুমার সরকার বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’