গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে গত সোমবার মামলা হয়েছে। রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে দিবাগত রাত দেড়টার দিকে ছয়-সাতজন যুবক ঘরে ঢোকেন। তাঁরা গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন। তাঁদের মধ্যে চার যুবক গৃহবধূকে ধর্ষণ করেন। তাঁরা ৮৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন লুট করে পালিয়ে যান। এ ঘটনায় পাশের বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একজনকে প্রধান করে সাতজনকে আসামি করে মামলা হয়েছে।
ওই গৃহবধূ বলেন, তাঁর স্বামীর সঙ্গে মোরেলগঞ্জের ওই ব্যক্তির বিরোধ রয়েছে। প্রথমে সম্মানহানির ভয়ে ধর্ষণের কথা পুলিশকে জানানো হয়নি। পরে তাঁর শ্বশুর মামলা করেন।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে ওই ঘটনা ঘটানো হয়েছে।