গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মালেককে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। জনতার বিক্ষোভের মুখে গত মঙ্গলবার রাতে সাময়িক বরখাস্তের পর মালেককে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানায় মঙ্গলবার রাতে ওই গৃহবধূ অভিযোগ করেন, তাঁর ট্রাকচালক স্বামী দীর্ঘদিন সাংসারিক খরচ দিচ্ছেন না। এ ব্যাপারে গত রোববার তিনি বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করতে যান। সেখানে দায়িত্বরত কর্মকর্তা তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেন। সেদিন তিনি লিখিত অভিযোগ করতে পারেননি। পরের দিন আবার তিনি ওই ফাঁড়িতে গেলে এএসআই আবদুল মালেক তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়ে মুঠোফোনে যোগাযোগ করতে বলেন। মঙ্গলবার বিকেলে তিনি বিষয়টির খোঁজ নিতে আবদুল মালেকের মুঠোফোনে ফোন করেন। তাঁকে সন্ধ্যার পর ফাঁড়িতে যেতে বলেন আবদুল মালেক। গৃহবধূ ফাঁড়িতে যাওয়ার পর মালেক কৌশলে তাঁকে প্রথমে শহরতলির মাটিডালী মোড়ে নিয়ে যান। পরে তাঁকে পাশের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন আবদুল মালেক। ঘটনা টের পেয়ে স্থানীয় জনতা ওই হোটেল ঘেরাও করে। তারা মালেককে বেদম মারধর এবং হোটেলে ভাঙচুর করে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) মকবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে মালেককে উদ্ধার করেন। থানায় ওই গৃহবধূ তাঁকে ধর্ষণের বিচার দাবি করেন। গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা নেওয়া হয়। রাত ১০টার দিকে বগুড়ার পুলিশ সুপার সদর থানায় এসে গৃহবধূর সঙ্গে কথা বলে আবদুল মালেককে সাময়িক বরখাস্ত করেন। এ পর্যায়ে মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সদর থানায় পুলিশ কর্মকর্তা আবদুল মালেক ওই নারীকে হোটেলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন।