গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক গৃহবধূ (২২) তাঁর বাবার বাড়ি যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন বলে মামলা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে পুলিশ তাঁকে একটি বিপণি বিতানের পেছনের দিকের কক্ষ থেকে উদ্ধার করে। সেখানে পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ এই মামলায় মো. আলম (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। আলমসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে আজ বৃহস্পতিবার নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন গৃহবধূর বাবা । পুলিশ সূত্রে মোজাহিদ মিয়া (২৫) নামের আরেক যুবকের নাম জানা গেলেও অপর তিন আসামির নাম জানা যায়নি। যে কক্ষ থেকে তরুণীকে উদ্ধার করা হয় তা মোজাহিদদের বলে জানা গেছে।
নান্দাইল মডেল থানায় থাকা অবস্থায় আজ বেলা সাড়ে ১১ টার দিকে ওই গৃহবধূ প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল রাতে তাঁর স্বামী তাঁকে মারধর করেছিলেন। এরপরপরই তিনি রাগ করে বাবার বাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বের হন। পথে একদল লোক তাঁকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে আধাঘণ্টার মতো পথ ঘোরান। এরপর মধ্য রাতের দিকে পাশের উপজেলা নান্দাইলের চৌরাস্তায় নামিয়ে ওই কক্ষে নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা তাঁকে ধর্ষণ করে। এর ঘণ্টা খানেকের মধ্যে সেখানে পুলিশ উপস্থিত হয়। ওই গৃহবধূ আরও জানান, তাঁর ও স্বামীর বাড়ি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় পাশাপাশি গ্রামে। কয়েক মাস আগে তাঁদের বিয়ে হয়। স্বামীর নির্যাতনে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরপর এই ধর্ষণের ঘটনায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন।
নান্দাইল মডেল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাশেম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৃহবধূর বাবা একটি মামলা করেছেন। এই মামলায় আলম নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মাদ বলেন, গ্রেপ্তার আলম অটোরিকশা। আলমকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গৃহবধূর বাবা-মা প্রথম আলোকে জানান, তাঁরা জানতেন না স্বামীর নির্যাতনের শিকার হয়ে তাঁদের মেয়ে বাড়ি ফিরে আসছিল। নান্দাইল থানার পুলিশের ফোন পেয়ে তাঁরা মেয়ের অবস্থান জানতে পারেন। পরে রাতেই নান্দাইল থানায় গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে গণধর্ষণের ঘটনাটি জানতে পারেন তাঁরা।