গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা
বগুড়ার ধুনট উপজেলায় গত রোববার রাস্তা থেকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে গত সোমবার ওই গৃহবধূ মামলা করেছেন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, রোববার সকাল ১০টার দিকে ওই গৃহবধূ (১৯) শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ঝিনাই নদের তীরের রাস্তা থেকে ঝিনাই গ্রামের হিরু মিয়া (২৪) ও ওয়াহেদ আলী (২৫) নামের দুজন তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে হিরু তাঁকে ধর্ষণ করেন। ওয়াহেদ আলী অস্ত্র নিয়ে পাহারা দেন। গৃহবধূর চিৎকারে গ্রামবাসী এসে ওই দুই যুবককে আটক করেন। বিচার করা হবে বলে পরে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা এখন পলাতক। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে হিরু মিয়া ও ওয়াহেদ আলীর বিরুদ্ধে মামলা করেছেন।
গৃহবধূর মা বলেন, ‘মেয়েকে শ্বশুরবাড়ি রেখে আসার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় টাকা নেওয়ার কথা মনে ছিল না। এ কারণে কিছু পথ গিয়ে টাকার জন্য আবার আমি বাড়ি আসি। পরে সেখানে গিয়ে মেয়েকে না পেয়ে চিৎকার করতে থাকি। এ সময় আমার মেয়েকে ফেলে রেখে পালানোর চেষ্টাকালে ওই দুই যুবককে গ্রামবাসী আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।’
বাড়ির মালিকের স্ত্রী বলেন, ‘পূর্বপরিচিত বলে হিরু ও ওয়াহেদ ওই মেয়েটিকে নদীর পাড়ের রাস্তা থেকে আমার বাড়িতে নিয়ে আসে। তাঁকে ঘরের মধ্যে তোলার সময় বাধা দিই। এ সময় তারা ভয়ভীতি দেখানোয় চিৎকার করার সাহস পাইনি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।