গৃহবধূকে ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মোতাহির আলী আজ রোববার বিকেলে এই রায় দেন।

আসামিরা হলেন মো. সোহেল, মহিউদ্দিন ও ফয়েজ আহম্মদ। তাঁরা হাটহাজারী উপজেলার বাসিন্দা।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এম এ নাসের প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের ১৭ মে হাটহাজারী উপজেলায় ঘরে ঢুকে অস্ত্রের মুখে ওই গৃহবধূকে জিম্মি করেন ওই ব্যক্তিরা। এরপর শিশুসন্তানের সামনে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এই ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ নভেম্বর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গ্রেপ্তারের পর আসামিরাও ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর ২০১৮ সালের ৪ অক্টোবর আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু করেন। ছয়জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

এম এ নাসের বলেন, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। যাবজ্জীবনের সাজার পাশাপাশি আদালত আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

মামলার বাদী ওই নারীর স্বামী বলেন, তাঁরা এই রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালত যেন এই রায় বহাল রাখেন।