গৃহবধূকে ধর্ষণের পর শিশুপুত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ ও তাঁর শিশুপুত্রকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী (২৮) নামের এক ব্যক্তিকে ওই রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকার অনেকে জানান, গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের হাসান আলী একই গ্রামের ওই গৃহবধূকে (২৩) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে বুধবার রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের ভুট্টাখেতে কয়েকজন মিলে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর সঙ্গে থাকা শিশুপুত্রকে পাশের পুকুরে ফেলে দেন তাঁরা।
রাতেই ঘটনা থানায় জানানো হলে পুলিশ পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই গৃহবধূ হাসান আলীসহ চারজনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন।
গঙ্গাচড়া থানার ওসি এম এ মান্নান জানান, হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।