গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাসিনা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি পুকুর থেকে উদ্ধার করেছে কসবা থানার পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণ শেষে হত্যা করে পুকুরে ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাসিনা বেগমের স্বামী আবু কাউছার মিয়ার গ্রামের বাড়ি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূ হাসিনা বেগম প্রতিদিনের মতো গত বুধবার বিকেলে হাঁটার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গতকাল সকালে গুরুহিত গ্রামের হামদু মিয়ার পুকুরে এক নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন।খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত গৃহবধূর মা ফালেমা খাতুন, বাবা মোর্তুজ আলী ও স্বামী আবু কাউছার বলেন, হাসিনা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন। বুধবার বিকেলে হাঁটার জন্য বের হয়ে গেলে আর ফিরে আসেননি।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, দুর্বৃত্তরা গৃহবধূ হাসিনা বেগমকে ধর্ষণের পর হত্যা করে ওই পুকুরে ফেলে দেয়। তাঁর গলায় জখমের চিহ্ন রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।