গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ধর্ষণের পর এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় গোদনাইল চৌধুরীবাড়ি শান্তিনগর এলাকার একটি সীমানা দেয়ালের পাশ থেকে গৃহবধূ আমেনা আক্তারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
আমেনা ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার মহিনপুর গ্রামের আবদুল মজিদের মেয়ে।
আমেনার মা রেখা আক্তার অভিযোগ করেন, মাজহারুলের সঙ্গে দাম্পত্য কলহের কারণে আমেনা তাঁর সঙ্গে শান্তিনগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। কিন্তু রোববার মাজহারুল তাঁর মায়ের অসুস্থতার কথা বলে আমেনাকে ডেকে নিয়ে যান ও সঙ্গীদের নিয়ে ধর্ষণের পর হত্যা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জিন্নাত আলী জানান, লাশের গলায় রশি প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো সময় ধর্ষণের পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মাজহারুল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।