গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট গ্রামে গত সোমবার রাতে কয়েক ব্যক্তি এক গৃহবধূকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাজিরহাট গ্রামের কাবিল উদ্দিনের স্ত্রী রিতা বেগমকে (১৮) সোমবার রাত ১০টার দিকে কয়েকজন লোক বাড়ি থেকে তুলে পাশের আখখেতে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর তারা রিতার মুখে বিষ ঢেলে দেয়। পরে তাঁকে অচেতন অবস্থায় আখখেত থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিতাকে মৃত ঘোষণা করেন। নিহত রিতার স্বামী কাবিল উদ্দিন বলেন, ‘এক মাস আগে গ্রামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনা নিয়ে গ্রামে সালিস হয়। তখন থেকে ওই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল। সে ধর্ষণের পর রিতাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।