গৃহবধূকে ধর্ষণের ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের এক গৃহবধূকে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তা সিডি আকারে বাজারে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার র্যাব-৭-এর একটি দল কালিপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রিয়াদ মোস্তফা (২৮) ও সাদেক হোসেন (২৫)। দুজনই বাঁশখালীর জঙ্গল কালিপুর এলাকার বাসিন্দা। সানাউল্লাহ নামের তাঁদের অপর এক সহযোগীকে খুঁজছে র্যাব। এ ঘটনায় ওই যুবকেরা ছাড়াও আরও তিন-চারজন ব্যক্তি জড়িত বলে জানা গেছে। গৃহবধূর স্বামী অভিযোগ করেন, দেড় মাস আগে রিয়াদ, সাদেক, সানাউল্লাহসহ কয়েকজন যুবক তাঁর স্ত্রীকে অপহরণ করেন। তাঁরা তাঁকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন এবং ধর্ষণের দৃশ্য ভিডিও করেন। তিনি বলেন, অপহরণকারীরা তাঁর স্ত্রীর মুক্তিপণ ও ভিডিওচিত্রের সিডি ফেরত দেওয়ার শর্ত হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁরা ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেন। এর আগে তাঁর স্ত্রীর নামে অশ্লীল প্রচারপত্র ছড়ানো হয় বলেও তিনি অভিযোগ করেন। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, বাজারে ছেড়ে দেওয়ার পর সিডি চট্টগ্রাম নগরসহ বাঁশখালীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে গৃহবধূর পরিবার ঘটনা র্যাবকে জানায়। অভিযোগ পেয়ে গতকাল র্যাব দুজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গতকালই বাঁশখালী থানায় গৃহবধূর স্বামী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় রিয়াদ, সাদেক ও সানাউল্লাহর নাম উল্লেখ ছাড়াও আরও অজ্ঞাত পাঁচ-সাতজনকে আসামি করা হয়। তিনি জানান, গৃহবধূকে উদ্ধার করার চেষ্টা চলছে। তিনি বলেন, ছেলেগুলো বখাটে, উচ্ছৃঙ্খল ও উঠতি সন্ত্রাসী। অভিযানে থাকা র্যাব-৭-এর মেজর মো. ইসমাইল গতকাল মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।