গৃহবধূকে নির্মম নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গত মঙ্গলবার রাতে তাঁর স্বামী ও শাশুড়ি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। স্থানীয় লোকজন জানান, গত বছরের ৪ জানুয়ারি বদরগঞ্জ উপজেলার দক্ষিণ মোকসেদপুর প্রামাণিকপাড়া গ্রামের আরিফা খাতুনের (২০) সঙ্গে পাশের দোলাপাড়া গ্রামের মানিকুল ইসলামের (২৪) বিয়ে হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুকের দাবিতে মানিকুল স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এজাহারে অভিযোগ করা হয়, গত ৩০ এপ্রিল যৌতুকের টাকা নিয়ে আসার জন্য মানিকুল স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন। এতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে মারধর করেন। ওই রাতে আরিফা ঘুমিয়ে পড়লে মানিকুল লোহার তৈরি কাটারি গরম করে তাঁর গোপনাঙ্গ ও ঊরুতে ছ্যাঁকা দেন। পরে অবস্থা বেগতিক দেখে মানিকুল রামনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে যান। চেয়ারম্যান ২ মে আরিফা ও তাঁর বাবাকে ইউপি কার্যালয়ে ডেকে এনে কিছু টাকা নিয়ে ঘটনা মীমাংসা করতে বলেন। এতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের প্যাডে আরিফা ও তাঁর বাবা আইনুল হকের টিপসই নিয়ে আরিফার হাতে ৩০০ টাকা দিয়ে বলেন, সংসার করতে হলে স্বামীকে এক লাখ টাকা দিয়ে করতে হবে। আরিফা খাতুন আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। আরিফার স্বামী মানিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার স্ত্রীর চরিত্র খুব খারাপ। সে জন্য ওই কাজ করেছি।’রামনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আরিফাকে ৩-৬ মে পর্যন্ত হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, আরিফা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় তাঁর স্বামী মানিকুল ইসলাম (২৪) ও শাশুড়ি উমেঞ্চ কুলসুম (৪৫) এবং রামনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে (৫৭) আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, আরিফার স্বামী ও শাশুড়ি পলাতক।