গৃহবধূকে নির্যাতন, চুল কর্তন স্বামী ও ভাশুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে (১৮) নির্যাতন ও তাঁর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার স্বামী আব্বাস শেখ (৪০) ও ভাশুর আহাদ আলীকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওই গৃহবধূর জবানবন্দি রেকর্ড করার পর তাঁকে তাঁর বাবার হেফাজতে দেওয়া হয়েছে।নির্যাতনের শিকার গৃহবধূ জানান, অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় দেড় মাস আগে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় স্বামী আব্বাস যৌতুক চাননি। কিন্তু বিয়ের পরপরই ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় শুরু হয় তাঁর ওপর নির্যাতন। গত মঙ্গলবার তাঁকে হাত-পা বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। ঘটনা যাতে কাউকে জানাতে না পারে এ কারণে তাঁর মুঠোফোনটিও কেড়ে নেওয়া হয় এবং হাত-পা বেঁধে ঘরে আটকে রাখা হয়।গৃহবধূর বাবা জানান, মুঠোফোনে মেয়েকে না পেয়ে তাঁর সন্দেহ হয়। বৃহস্পতিবার রাতে মেয়ের ভাশুরের মুঠোফোনে মেয়েটির খবর জানতে চান, কিন্তু তিনি কিছু জানাননি। পরে রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা গ্রাম থেকে শুক্রবার সকালে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের চকআদালতখা গ্রামে জামাইবাড়ি গিয়ে তিনি বিস্তারিত জানতে পারেন। এরপর পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন এবং শুক্রবার রাতে তিনি থানায় মামলা করেন। তিনি বলেন, ‘আমি কৃষিশ্রমিক। অভাবের সংসার। এক বছর আগে স্ত্রী মারা গেছে। যৌতুক লাগবে না জেনে মেয়েকে বিয়ে দিয়েছি। এমন জানলে বিয়ে দিতাম না।’আব্বাস শেখ দাবি করেন, তিনি স্ত্রীর ওপর নির্যাতন করেননি। যৌতুকও চাননি। কথা না শোনায় রাগে-ক্ষোভে স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছেন বলে তিনি স্বীকার করেন।