গৃহবধূকে নির্যাতন করে উচ্ছেদ চেষ্টার অভিযোগ
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের প্রফেসরপাড়ায় গতকাল সোমবার সকালে আয়শা খানম (৩০) নামের এক গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শ্বশুর নওশের চৌধুরী, শাশুড়ি মাসুমা চৌধুরী ও ননদ হুমায়রা বেগমের বিরুদ্ধে গৃহবধূ নিজেই এ অভিযোগ করেছেন।
আয়শা খানম জানান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ স্বামী-সন্তান নিয়ে এক বাড়ির সীমানাতেই থাকেন তাঁরা। ১৫ বছর আগে মেহেদি হাসানের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু এ পর্যন্ত বিয়েটি মেনে নিতে না পারায় মেহেদির বাবা-মা ও বোন বিভিন্নভাবে তাঁকে নির্যাতন করে আসছেন। সম্প্রতি তাঁর বসতভিটাসহ পুরো বাড়ি নওশের চৌধুরী মেয়ে হুমায়রাকে লিখে দেন। এরপর তাঁরা মেহেদি হাসানকে বাড়িছাড়া করার চেষ্টায় নামেন। হুমায়রার দায়ের করা একটি মামলায় ১৩ অক্টোবর মেহেদিকে গ্রেপ্তার করে পুলিশ।
গৃহবধূ আরও জানান, গতকাল সকাল ১০টায় নওশের চৌধুরী কয়েকটি ভ্যান ও ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে এসে তাঁকে বেঁধে মারধর করেন। তারপর ছেলের ঘরের জিনিসপত্র ভ্যানে তুলতে থাকেন। পরে প্রতিবেশীর এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
বিরামপুর থানার ওসি রেজাউল করিম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।